মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:১৯ পিএম

পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

1687

পাবনার পাবনা জেনারেল হাসপাতাল-এর একটি ম্যানহোল থেকে মানুষের কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে হাসপাতালের পেছনের একটি ম্যানহোল থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ম্যানহোলের ভেতরে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল থেকে মাথার খুলি, বুকের খাঁচাসহ কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে।

এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া কঙ্কালটি বেশ পুরোনো। দীর্ঘ সময় ধরে ড্রেনের ভেতরে থাকার কারণে দেহটি পচে কঙ্কালে পরিণত হয়েছে। তবে এটি নারী না পুরুষের এবং বয়স কত ছিল—এ বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। উদ্ধার হওয়া কঙ্কালের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি-এর ল্যাবরেটরিতে পাঠানো হবে। ময়নাতদন্ত ও পরীক্ষার ফল পাওয়ার পর মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা ঘটায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Link copied!