শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০২:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

1688

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থবাজারে। এর জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকদের মতে, অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৭৭২.৬০ ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স।

বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি—বিশেষ করে ইরান ও ইসরাইল-এর মধ্যে যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তা—স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ। যদিও যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার খবরে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে, তবুও বাস্তবায়ন নিয়ে সংশয় এখনো কাটেনি।

বাজার বিশেষজ্ঞ এডওয়ার্ড মেয়ার মনে করেন, যদি যুদ্ধবিরতি কার্যকর থাকে, তাহলে তেলের দাম ও মার্কিন ডলারের মান কিছুটা কমতে পারে। তবে সংঘাত আবার শুরু হলে জ্বালানি মূল্য ও সুদের হার বাড়তে পারে, যা বাজারে অস্থিরতা আরও বাড়াবে।

এদিকে আন্তর্জাতিক শেয়ারবাজারে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেলেও মার্কিন ডলারের মান কিছুটা দুর্বল হয়েছে। একই সঙ্গে তেলের দাম কমায় মূল্যস্ফীতির চাপ কিছুটা হ্রাস পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সাধারণত বন্ডসহ অন্যান্য সুদভিত্তিক সম্পদের দিকে ঝুঁকে পড়েন, যা স্বর্ণের চাহিদাকে প্রভাবিত করতে পারে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। এতে মূল্যবান ধাতুর বাজারে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

Link copied!