শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ১০:০১ এএম

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:১৮ এএম

1701

আশ্রাফুল আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র পর্যবেক্ষক

দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের আর্থিক ও প্রশাসনিক স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম, ব্যবস্থাপনা এবং পরিচালনাগত বিষয় সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগের এই উদ্যোগ ব্যাংকটির কার্যক্রমে আস্থা বৃদ্ধি, কার্যকর তদারকি নিশ্চিতকরণ এবং আর্থিক শৃঙ্খলা সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালনাগত স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে এবং গ্রাহক ও আমানতকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক পরিবেশ তৈরি হবে।

Link copied!