প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
1701
১৩ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামসংলগ্ন পদ্মা নদীতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো—সদর উপজেলার চরবাঘডাঙ্গা বাখের আলী গ্রামের মো. জহুরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে মোসা. কারিমা এবং অপরজন একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের ৭ বছর বয়সী মেয়ে ইসরাত।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রচণ্ড গরমে কারিমা ও ইসরাত বাড়ির পাশে পদ্মা নদীতে একসঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দুই শিশুকে নদীতে ভাসতে না দেখে ঘাটে থাকা অন্যান্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরের দিকে প্রথমে এক শিশুর মরদেহ উদ্ধার করে। এরপর বিকেলের দিকে নিখোঁজ থাকা অপর শিশুর মরদেহও নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। দুই শিশুর নিথর দেহ নদী থেকে পাড়ে তোলার পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়; সন্তানদের হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পাড়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ জানান, "নদীতে শিশু নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি দক্ষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করে। নদী থেকে ধাপে ধাপে দুই শিশুর মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"