মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে উত্তেজনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

1701

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সকাল থেকেই দুই পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। পরে বকুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ ফটকের দিকে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ধাওয়ার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ ফটকের সামনে থাকা ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে জড়িতদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দেখা গেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হয়, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল এবং মিছিল নিয়ে কলেজ গেটের সামনে গেলে প্রতিপক্ষের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপের পর সংঘর্ষের সূত্রপাত ঘটে।

তবে ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির। সংগঠনটির নেতারা দাবি করেছেন, তারা ভাঙচুরে জড়িত নয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই পক্ষই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Link copied!