মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:২৬ পিএম

মীরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

1689

চট্টগ্রামের মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের কয়লাবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়ক অবরোধ করে এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় স্থানীয়ভাবে একটি বাড়িতে হামলার ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে কয়লাবাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটকে দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। ওই ট্রাকটি একটি স্থানীয় রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে আনা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় কিছু লোকজনের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে সংঘর্ষে কয়েকজন আহত হন।
পরিবারের দাবি, পরে ওই ঘটনার জেরে শাহরিয়ার আহমেদ হৃদয় ও তার সহযোগীদের ঘটনাস্থলে ডাকা হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের বাবা আব্দুল আলিম অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা ছিল। তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক পক্ষের একজন নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা জানান, শাহরিয়ার আহমেদ হৃদয় স্থানীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুকে তারা পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!