প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
1686
০৫ মে ২০২৬, ০৬:০৩ পিএম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টার গলি থেকে মিছিলটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি মেডিকেল সেন্টার গলি থেকে গোলপাহাড় মোড়ের দিকে অগ্রসর হয়।
জানা যায়, মিছিলে অংশ নেওয়া অধিকাংশই ওমর গণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী। তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর ছবিযুক্ত ব্যানারও দেখা যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। আকস্মিক এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় কোনো অগ্রগতি হলে পরে জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে।