প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
1701
০৫ মে ২০২৬, ০৫:২৬ পিএম
নাটোরের লালপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোধড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা নাটোর-পাবনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ নম্বর কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দোহার সমর্থকদের সঙ্গে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
জানা গেছে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে বুধবার রাতে স্থানীয় বাজারে কথা কাটাকাটির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে শুক্রবার আবারও দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এক পর্যায়ে বিক্ষুব্ধরা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গুরুতর আহত রাশেদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।