প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
1686
০৫ মে ২০২৬, ০৭:৩০ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও জুলাইযোদ্ধাদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এটি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। সেই আন্দোলনের চেতনার ধারাবাহিকতায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি এখন জনআকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের মতামত স্পষ্ট হলেও তা বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে, যা শহীদদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সমাবেশ সফল করা হবে।
তিনি আরও বলেন, জনপ্রত্যাশার বাইরে গিয়ে কোনো সরকার দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারেনি। অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের রায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের চেতনাকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস, দখলবাজি ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবারের এই সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে পরবর্তী কর্মসূচির দিকনির্দেশনা আসতে পারে।