প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
1688
০৫ মে ২০২৬, ০৫:২৬ পিএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক খতিব নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫)। তিনি উপজেলার রহমতাবাদ এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মহাসড়কের ওয়্যারলেস এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।