প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম
1697
০৫ মে ২০২৬, ০৭:৩০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ভোটাধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য তরুণরা জীবন দিয়েছিল, কিন্তু এখন “নব্য স্বৈরাচারের গন্ধ” পাওয়া যাচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। গণভোটের রায় অবিকৃতভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, যে সংবিধান মানুষের অধিকার কেড়ে নেয় এবং স্বৈরাচারের জন্ম দেয়, সেই সংবিধান জনগণ আর দেখতে চায় না।
তিনি বলেন, এমন একটি সংবিধান প্রয়োজন যেখানে আর কোনো ছাত্রকে জীবন দিতে হবে না এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান”—এই নীতিতে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত।
সমাবেশে বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসানও। তিনি বলেন, কোনো ধরনের পরিবর্তন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির পথে যাওয়া হতে পারে।
জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।