প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৬:০৬ পিএম
1697
০৫ মে ২০২৬, ০৬:৫৩ পিএম
মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক ও নীতিগত বিষয়ে তর্ক-বিতর্ক গণতন্ত্রের জন্য ইতিবাচক হলেও অপপ্রচার ও মিথ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার (২ মে) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে সংগ্রাম, ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা জরুরি।”
জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক এবং প্রয়োজনীয়। তবে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো বা বিভ্রান্তি তৈরি করা অনুচিত।
মন্ত্রী আরও জানান, জুলাই সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়ায় তারা সরাসরি যুক্ত ছিলেন এবং যেসব বিষয়ে মতপার্থক্য ছিল, সেগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। তিনি বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম—যেখানে একমত নই, সেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হবে, এবং তা করা হয়েছে।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে কোনো সংস্কার পরিষদ গঠন করার প্রস্তাবের সঙ্গে তারা একমত ছিলেন না। তার মতে, নির্বাচিত সংসদই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যথাযথ কর্তৃপক্ষ।
তিনি অভিযোগ করেন, বর্তমানে এসব বিষয় নিয়ে কিছু মহল রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।