প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:৪৩ এএম
1698
০৫ মে ২০২৬, ০৫:২৬ পিএম
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৩ মে) ভোর আনুমানিক ৬টা ২৫ মিনিটে শ্রমিকবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। অপর চারজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আলমগীর (৩২), সিলেট নগরের তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম (৩০) এবং রাজা মিয়া (৪৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, ভোরে সিলেট থেকে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে তেতলী বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালকরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।