মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৮:০৫ পিএম

যাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ বক্তব্যের নিন্দা জানাল জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৩৮ এএম

1691

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে যাওয়া নিলোফার চৌধুরী মনির একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ মে) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি ইসলামের অন্যতম ফরজ বিধান যাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির মতো অপরাধের সঙ্গে তুলনা করেছেন, যা গভীরভাবে উদ্বেগজনক ও দুঃখজনক।

তিনি আরও বলেন, ইসলামে যাকাত হলো একটি ফরজ ইবাদত, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে চাঁদাবাজি একটি গুরুতর অপরাধ ও সামাজিক জুলুম। এ দুই বিষয়কে এক কাতারে আনা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং অপরাধমূলক কার্যক্রমকে পরোক্ষভাবে উৎসাহিত করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াত নেতা আরও বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। তাই নিলোফার চৌধুরী মনির উচিত তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।

তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Link copied!