প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:৩৪ এএম
1692
০৫ মে ২০২৬, ০৮:০৫ পিএম
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হলেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ফলে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে রেজাউল কাইয়ুমকে হেফাজতে নেওয়া হয়। কিন্তু যাচাই-বাছাইয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে শহরের শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটকের পরপরই বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে অবস্থান নেয় এবং তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। একই সময়ে শাসনগাছা বাস টার্মিনালে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বাস চলাচল পুনরায় শুরু হয়।
মুক্তি পাওয়ার পর রেজাউল কাইয়ুম অভিযোগ করেন, তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্র করেছিল। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। এ সময় তিনি তার মুক্তির দাবিতে আন্দোলন করা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মুক্তির আগে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে, যেখানে তিনি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।