প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:৪৩ এএম
1707
০৬ জুন ২০২৬, ১০:০৫ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের নবনির্বাচিত সরকারের বিভিন্ন অগ্রাধিকার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, সামাজিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়ও তুলে ধরেন তিনি।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বৈশ্বিক তারল্য সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা মিশনের কার্যক্রম ও ম্যান্ডেট অক্ষুণ্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা উদ্যোগে নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা জানান তিনি।