সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ১০:৪৩ পিএম

মাদুরোর বিশ্বস্ত সহকারী অ্যালেক্স এখন মার্কিন হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:০৯ পিএম

1691

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়ী অ্যালেক্স সা’বকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চলমান একাধিক ফৌজদারি তদন্তের ভিত্তিতে তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তাকে যুক্তরাষ্ট্রের কোন স্থানে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

সরকারি বিবৃতিতে অ্যালেক্স সা’বকে কলম্বিয়ার নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে তার নাগরিকত্ব ও আইনি অবস্থান নিয়ে বিদ্যমান বিতর্ক আরও জটিল আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

৫৪ বছর বয়সী অ্যালেক্স সা’ব দীর্ঘদিন ধরে মাদুরো প্রশাসনের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল ও আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তাকে মাদুরো প্রশাসনের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে ২০২০ সালে আফ্রিকার কেপ ভার্দেতে জ্বালানি নেওয়ার বিরতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি ইরানের উদ্দেশে যাত্রা করছিলেন। পরে ২০২৩ সালে তার ভেনেজুয়েলায় প্রত্যাবর্তনকে মাদুরো সরকার বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করেছিল। তখন তাকে কূটনৈতিক মিশনের সদস্য হিসেবেও পরিচয় দেওয়া হয়।

তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর অ্যালেক্স সা’বের অবস্থান দুর্বল হয়ে পড়ে। নতুন প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণের কারণে তাকে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

এ সময় তার রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবও কমে আসে। এরপর থেকেই তিনি গৃহবন্দি নাকি কারাগারে ছিলেন, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যালেক্স সা’বকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ঘটনা ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীর ভেতরে নতুন বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং কঠোর মার্কিনবিরোধী অবস্থানের মধ্যে দ্বন্দ্ব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, তেল ও খনিজ সম্পদভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতার প্রভাবও এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

Link copied!