প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:২৪ পিএম
1695
২৫ মে ২০২৬, ০৭:০৩ এএম
বাংলাদেশের কোরবানির পশুর হাটে আলোড়ন সৃষ্টি করা ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছে ইরান। রাশিয়ার মস্কোস্থ ইরানি দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শুক্রবার (২২ মে) এই মহিষটির একটি ছবি ও ভিডিও প্রকাশ করে ট্রাম্পকে নিয়ে এই বিদ্রূপাত্মক মন্তব্য করে। এক্স পোস্টে তারা লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষটির মন খারাপ।”
রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি (RT)-এর একটি ভিডিও শেয়ার করে ইরানি দূতাবাস আরও উল্লেখ করেছে, “ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে হওয়ায় মহিষটিকে দেখতে খামারে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। আর এই অতিরিক্ত মানুষের কোলাহলের কারণে বাংলাদেশি মহিষটি খাওয়া-দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে।”
বাংলাদেশের এই মহিষটি আন্তর্জাতিকভাবে ভাইরাল হওয়ার মূল কারণ হলো এর শারীরিক গঠন ও বৈচিত্র্যময় রূপ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো (সাদা বা গোলাপি চামড়ার) জাতের এই মহিষটির শুধু নামই ট্রাম্প রাখা হয়নি, বরং এর মাথার সামনের দিকে থাকা লম্বা লালচে-সোনালি রঙের চুল হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। চেহারার এই অদ্ভুত মিল থাকার কারণেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মহিষটি বড় করা হয় এবং সেখানেই এটি প্রথম সবার নজরে আসে। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচিত এই মহিষটি ইতিমধ্যে এক ক্রেতা ওজন মেপে কেজি দরে কিনে নিয়েছেন এবং আসন্ন ঈদুল আজহায় এটিকে কোরবানি করা হবে।
বাংলাদেশের এই ‘ট্রাম্প মহিষ’ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এই খবর অত্যন্ত ফলাও করে প্রচার করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান এবং যুক্তরাজ্যের প্রধান প্রধান গণমাধ্যমগুলোতেও বাংলাদেশের এই অদ্ভুত দর্শন মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে এবার দুই দেশের চলমান ভূরাজনৈতিক বৈরিতার অংশ হিসেবে এটিকে ট্রাম্পের বিরুদ্ধে ট্রোলিংয়ের হাতিয়ার বানাল ক্রেমলিনের ইরানি দূতাবাস।