প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৭:২০ পিএম
1702
০৬ জুন ২০২৬, ০৯:১৪ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। রোববার (১৭ মে) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ডিজিটাল সেবা চালু করছে। তারই অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নতমানের ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে সরকার একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এই ফ্রি ইন্টারনেট সেবা দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে সরকার প্রতিনিয়ত কাজ করছে। বিমানবন্দর ও রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রবাসীসহ সাধারণ যাত্রীরা সরাসরি উপকৃত হবেন।
তিনি জানান, খুব শিগগিরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের মোট আটটি বিমানবন্দর এবং ছয়টি রেলস্টেশনে একযোগে এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পান। গত কয়েক দিনে শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ২০ হাজারের বেশি যাত্রী এই সেবা ব্যবহার করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিমানবন্দরে স্থাপিত ওয়াই-ফাই সেবার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিটিসিএল এবং বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দরেও এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু রয়েছে।
এছাড়া কমলাপুর, কক্সবাজার, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনেও যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।