প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৭:৩১ পিএম
1697
২৫ মে ২০২৬, ০৯:০৯ এএম
নাসির
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই প্রশাসনিক পরিবর্তনের কারণে একটি বিশেষ সংগঠন অস্বস্তিতে পড়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপপ্রচার ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
নাসির উদ্দীন নাসির বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া কয়েকজন উপাচার্যের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। তাদের মাধ্যমে ক্যাম্পাসে নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নবনিযুক্ত উপাচার্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব গ্রহণে বাধা দেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে ঘিরে চলমান সমালোচনার প্রসঙ্গ টেনে নাসির বলেন, এসব সমালোচনার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কাজ করছে।
একই সঙ্গে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য নিয়োগ নিয়েও বিরোধিতার সমালোচনা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্ন প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগ দেওয়া দীর্ঘদিনের প্রচলিত প্রক্রিয়া হলেও একটি গোষ্ঠী নিজেদের প্রভাবের বাইরে প্রশাসনিক নিয়োগ মেনে নিতে চাইছে না।
ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনারও সমালোচনা করেন ছাত্রদলের এই নেতা।
ফেসবুক পোস্টে নাসির উদ্দীন নাসির অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।