শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৯:১৩ এএম

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:০৬ এএম

1697

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হচ্ছে।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল এ তথ্য জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের জন্য পুরো প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

একই সঙ্গে দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখার জন্য কোম্পানির প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য দক্ষ পেশাজীবী নিয়োগের বিষয়েও অনুরোধ করেন মন্ত্রী।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজার কর্মী বাংলাদেশি।

তাদের দাবি, বাংলাদেশি কর্মীদের দক্ষতা, পরিশ্রম এবং দায়িত্বশীলতার কারণে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে আগ্রহী।

প্রতিনিধি দল আরও জানায়, সোমবার শুরু হওয়া ইন্টারভিউ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার চালক যাচাই-বাছাই করা হবে। এরপর পর্যায়ক্রমে চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে একজন বাংলাদেশি ড্রাইভারের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!