শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৬:৩১ এএম

সৌদি আরবে জেদ্দা-রিয়াদ মহাসড়কে দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:১৪ পিএম

1695

সৌদি আরবের জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার নূর-এ-আলম (৪২) এবং ইউনুস মিয়া (৪৮)। তারা রিয়াদে ব্যবসা পরিচালনা করতেন।

পরিবার ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার জেদ্দা থেকে ব্যবসার পণ্য নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ আরও কয়েকজন আহত হন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাতে জানা যায়, দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এতে একজন সৌদি নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে।

নূর-এ-আলম নাঙ্গলকোট উপজেলার বটলী ইউনিয়নের বাসুদাই গ্রামের প্রয়াত খলিলুর রহমান সওদাগরের ছেলে। অপরদিকে ইউনুস মিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়া গ্রামের সাবির আলীর বড় ছেলে।

ইউনুস মিয়া দীর্ঘ ২৪ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে ঈদুল আজহা উপলক্ষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ইতোমধ্যে টিকিটও বুক করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

নূর-এ-আলমের স্ত্রী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার স্বামী। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম সংকটে পড়েছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহায়তা চেয়েছেন।

এদিকে, কুমিল্লার জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Link copied!