সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৭:০৩ এএম

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাৎ মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০১:৪৩ পিএম

1689

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ১১৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে ২০২৬) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুনানিতে দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি রাষ্ট্রপক্ষে বক্তব্য উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে সাবেক এই সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ২২ মিনিটে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এবং ১১টা ৪৫ মিনিটে শুনানি শুরু হয়।

দুদকের দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় ৭ হাজার ১২৪ জন কর্মীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়। এতে সরকারি ক্ষমতার অপব্যবহার, পরস্পর যোগসাজশ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, এই ঘটনায় গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত কর্মকর্তার মতে, আসামিকে জামিনে মুক্তি দিলে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে, এ কারণে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন ছিল।

এর আগে রাজধানীর পল্টন থানায় মানব পাচার সংক্রান্ত আরেকটি মামলায় গত ২৩ মার্চ রাতেই ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

Link copied!