সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৯:৩৭ এএম

আরেকটি বিশ্বকাপে নেইমার, বাবা বললেন ‘আজ খুশির দিন’

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:৩৩ এএম

1708

দীর্ঘ আড়াই বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তারকা ফুটবলার Neymar। ইনজুরি ও অনিশ্চয়তার কঠিন সময় পেরিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের নতুন প্রধান কোচ Carlo Ancelotti রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করেন। সেই তালিকায় নেইমারের নাম ঘোষণার পরই ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপে এটি হতে যাচ্ছে নেইমারের চতুর্থ আসর। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, শতভাগ ফিট না হলে দলে সুযোগ পাবেন না এই ব্রাজিলিয়ান তারকা। সেই শর্ত পূরণ করেই আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

নিজের পুরোনো ক্লাব Santos FC-এ ফিরে ধীরে ধীরে ফিটনেস ফিরে পান নেইমার। যদিও নিয়মিত খেলতে পারেননি, তবুও নিজেকে প্রস্তুত রাখতে অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন তিনি।

ছেলের বিশ্বকাপ দলে ফেরা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নেইমারের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মন্টেভিডিওতে ইনজুরির পর থেকে আমরা যে যন্ত্রণা, সংশয় ও নীরবতার মধ্য দিয়ে গিয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু আজ আনন্দের দিন।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তের জন্য তুমি কতটা কঠোর পরিশ্রম করেছ, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। সব বাধা পেরিয়ে আবারও বিশ্বকাপে ফিরেছ। অভিনন্দন বাবা, আমি সবসময় তোমার পাশে আছি।”

নেইমারের দলে ফেরা ব্রাজিল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে আসন্ন বিশ্বকাপে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Link copied!