শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৬:৪৮ এএম

সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:৪৫ এএম

1708

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। চলতি হজ মৌসুমে এ পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা সাজেদা বেগম (৫৬)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। রোববার মক্কায় তার মৃত্যু হয়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৬টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে পরিবহন করা যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্সে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

এদিকে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৮ হাজার ২১০টি সেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মারা যাওয়া ১৮ হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন এবং মদিনায় মারা গেছেন ৫ জন।

এ ছাড়া বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে আগামী ৩০ জুন।

Link copied!