প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:৫৪ এএম
1700
২৫ মে ২০২৬, ১০:২৯ এএম
সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচি উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নে পৌঁছে আনুষ্ঠানিকভাবে 'ধরার খাল' পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি ত্রিশাল নজরুল ডাক বাংলোতে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি ও বিশ্রাম নেবেন। বিশ্রাম শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর মূল জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
সরকারি কর্মসূচি সমাপ্তির পর প্রধানমন্ত্রী বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ সমগ্র ময়মনসিংহ জেলায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।