রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০১:৪০ পিএম

মানবসেবায় লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অনন্য: স্পিকার।

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:০০ এএম

1699

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম লায়ন্স ইন্টারন্যাশনাল কনভেনশনে

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে আসছে। বাংলাদেশেও সংগঠনটি অত্যন্ত সুসংগঠিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এ সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা। স্বাগত বক্তব্য দেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্পিকার বলেন, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে লায়ন্স সদস্যরা দেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তাদের পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও শিষ্টাচার সমাজের জন্য অনুকরণীয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সংহতি জোরদার করে এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।

বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও ভৌগোলিক অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ১৪ লাখ সদস্যের মাধ্যমে সংগঠনটি মানবসেবা, দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সুরক্ষা, ডায়াবেটিস সচেতনতা, শিশু-ক্যান্সার সহায়তা, যুব উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

“আমরা সেবা করি” মূলমন্ত্রে পরিচালিত এ আন্তর্জাতিক সংগঠনটি এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে স্পিকার কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

পরে বিশিষ্ট অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি লায়ন্স আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।

কনভেনশনে বক্তারা মানবকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অবদান, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, জেলা গভর্নর, ক্লাব প্রতিনিধি, সদস্য, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Link copied!