প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
1688
০৬ মে ২০২৬, ০১:০৯ এএম
ভুয়া তথ্যের মাধ্যমে তালিকাভুক্ত হওয়া অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে মুক্তিযোদ্ধাদের তালিকা পুনঃযাচাই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তিনি জানান, ইতোমধ্যে দেশব্যাপী তদন্তের মাধ্যমে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদে উত্থাপিত প্রশ্নে অভিযোগ করা হয়, গত কয়েক বছরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন হয়নি এবং কিছু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে কিছু এলাকায় এ ধরনের অনিয়ম বেশি লক্ষ্য করা গেছে।
জবাবে মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। তবে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন কৌশলে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যাদের শনাক্ত করতে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। প্রমাণ মিললেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে।
তিনি আরও জানান, মুক্তিযোদ্ধাদের অধিকার ও সম্মান রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা এখনো ডিজিটাল সনদ বা স্মার্ট পরিচয়পত্র পাননি, তাদের দ্রুত এ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও অবদান সংরক্ষণে বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং তথ্য সংগ্রহ কার্যক্রমও জোরদার করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যাচাই-বাছাই অব্যাহত থাকবে।