প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম
2006
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা জোরদার এবং নতুন ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অনগ্রসর অঞ্চলগুলোর উন্নয়নে কার্যকর সহযোগিতা প্রয়োজন। এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার বিষয় তিনি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের প্রশংসা করেন এবং এই সহযোগিতাকে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।
বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।