প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
1713
০৬ জুন ২০২৬, ১১:১৪ এএম
পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ পরিকল্পনা
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে। এছাড়া আরও অন্তত ৫টি জেলা পরোক্ষভাবে এর সুবিধা পাবে। এ কারণে প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ ও বহুমুখী উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পদ্মা নদীর পানি দেশের কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে ওই অঞ্চলের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয় ২০০৪ সালে এবং ২০১৩ সালে তা সম্পন্ন হয়। ওই সমীক্ষায় ব্যারেজ নির্মাণের সুপারিশ করা হয়েছিল। বর্তমান সরকারের নির্বাচনী অগ্রাধিকার অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত মেয়াদে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৮ দশমিক ৮০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি উৎপাদিত হবে প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। এছাড়া প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।