শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

জামায়াত নেতাদের জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করেছিলেন খালেদা জিয়া: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:১০ এএম

2028

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জামায়াত নেতাদের দায়মুক্ত করা এবং তাদের জাতীয়ভাবে সম্মানিত করার উদ্দেশ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের সুযোগ দিয়েছিলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের সুযোগ দিয়েছিলেন খালেদা জিয়া—এ বিষয়টি আপনারা উল্লেখ করেন না। এমনকি শহীদ মিনারে যাওয়ার যে রাজনৈতিক সংস্কৃতি, সেটিও তার নেতৃত্বের অবদান।’

তিনি আরও বলেন, ‘দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই তাদের জাতীয় পতাকা ব্যবহারের মাধ্যমে সরকারের অংশ হিসেবে সম্মানিত করা হয়েছিল।’

স্পিকারকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, ‘আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এই আসনে আপনার উপস্থিতি ১৯৭১ সালের প্রতিনিধিত্ব করে। আপনাকে এই অবস্থানে আনার কৃতিত্ব বিএনপির।’ তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

সংসদের ট্রেজারি বেঞ্চে উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারি দলে অনেক খ্যাতিমান মুক্তিযোদ্ধা রয়েছেন, যা বিরোধী দলে তেমনভাবে দেখা যায় না।

আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি দাবি করেন, বিএনপি তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত—১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন। তার মতে, এই তিনটি আন্দোলনের কৃতিত্ব একমাত্র বিএনপিই বহন করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির বক্তব্যে দলটিকে স্বৈরাচার, ফ্যাসিস্ট ও দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সংসদেই শোনা গেছে।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, অতীতের বিভেদ ভুলে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

Link copied!