শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

নারীকর্মী গ্রেপ্তারকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলছে জামায়াত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম

2019

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের অভিযোগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তার হওয়ায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনাকে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৫ এপ্রিল রাতে ভোলা সদর এলাকায় নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ করা হয়, দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।

আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে গভীর রাতে একজন নারীকে বাসা থেকে আটক করা অমানবিক এবং এটি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, স্বাধীন দেশে মতপ্রকাশের অধিকার নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিন্নমত দমনের প্রবণতা উদ্বেগজনক, যা সমাজে ভীতি ও অনিরাপত্তা সৃষ্টি করছে। বিশেষ করে রাতের বেলায় এ ধরনের অভিযান মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একদিকে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও অন্যদিকে তাদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনিসংকেত।

সংগঠনটির পক্ষ থেকে বিবি সাওদার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং সচেতন নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Link copied!