রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

পহেলা বৈশাখ জাতিসত্তা ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

2003

প্রধানমন্ত্রী তারেক রহমানের নববর্ষ বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। যুগ যুগ ধরে এই দিনটি নতুন বছরের বার্তা নিয়ে আসে এবং মানুষের মনে নতুন উদ্যম ও আশার সঞ্চার করে।

তিনি বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, পুরোনো বছরের সব জীর্ণতা ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উদযাপিত বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বিদায় ১৪৩২ এবং স্বাগত ১৪৩৩—এই পরিবর্তন শুধু সময়ের নয়, এটি নতুন সম্ভাবনারও সূচনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এই অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং গ্রামীণ অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তির যুগেও কৃষকরা প্রকৃতির ছন্দ অনুসরণ করেই ফসল উৎপাদনের সময় নির্ধারণ করেন। ফলে বাংলা নববর্ষ আমাদের কৃষিভিত্তিক জীবনব্যবস্থার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত।

তিনি উল্লেখ করেন, বৈশাখী মেলা, শোভাযাত্রা, হালখাতা ইত্যাদি ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বৈচিত্র্য ও সৌন্দর্য তুলে ধরে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। এই উৎসব মানুষের মধ্যে নতুন প্রত্যাশা, সম্ভাবনা ও উদ্দীপনা সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা চালু করা হয়েছে।

তিনি জানান, কৃষকদের সহায়তায় বাংলা নববর্ষ থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি, যা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গণতন্ত্রকে শক্তিশালী করবে। বর্তমান বিশ্বে নানা সংকট ও সংঘাতের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সবাইকে আহ্বান জানান, নববর্ষের এই শুভক্ষণে যেন সংকীর্ণতা ও স্বার্থপরতা পরিহার করে মানবকল্যাণের পথে এগিয়ে যায়। নতুন বছরের প্রথম প্রভাতে অতীতের সব সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করারও আহ্বান জানান তিনি।

সবশেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি দেশবাসীকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানান।

Link copied!