প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম
0
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি মনে করছে, এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে বাজারে নিত্যপণ্যের দাম ইতোমধ্যেই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে তা বাজারে মারাত্মক প্রভাব ফেলবে এবং পণ্যমূল্যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট এখন একটি বৈশ্বিক বাস্তবতা হলেও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে নীতিগত দুর্বলতা, পরিকল্পনার অভাব এবং সংশ্লিষ্ট খাতে অদক্ষতার কারণে। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে কিছু অনিয়ম ও সমন্বয়হীনতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।
মাওলানা আতাউর রহমান বলেন, দেশে যখনই অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখন তার চাপ সাধারণ মানুষের ওপরই পড়ে। কিন্তু সরকারি ব্যয় সংকোচন বা কার্যকর উদ্যোগের ক্ষেত্রে তেমন অগ্রগতি চোখে পড়ে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়ার আগে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো, রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণ করা এবং কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো জরুরি।