প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম
2004
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
শিশির মনির
মোহাম্মদ শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উদ্দেশ্য করে নয়টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মতামত তুলে ধরেন।
স্ট্যাটাসের শুরুতেই শিশির মনির উল্লেখ করেন, তিনি এমন কিছু কথা বলতে যাচ্ছেন যা অনেকেই বলতে সংকোচবোধ করেন। ক্ষমতার অবস্থানে থাকায় অনেকেই সরাসরি সমালোচনা করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেক ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়েও প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ঘিরে অনুরূপ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা এবং কী উদ্দেশ্যে কাজ করছে, তা বিবেচনা করার আহ্বান জানান।
জাতীয় সংসদে বিভিন্ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিষয়ে অতিরঞ্জিত প্রশংসা, পরিবার সদস্যদের বিশেষ প্রোটোকল দেওয়া বা রাজনৈতিকভাবে অপ্রয়োজনীয় তুলনা—এসব বিষয় জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি মনে করেন, এসব চর্চা পরিহার করা প্রয়োজন।
তবে ইতিবাচক দিকও তুলে ধরেন শিশির মনির। তিনি বলেন, সাধারণ জীবনযাপন, কম প্রোটোকল ব্যবহার, সময়নিষ্ঠা এবং কর্মমুখী মনোভাব—এগুলো প্রধানমন্ত্রীর ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ এখন তোষামোদি নয়, কার্যকর কাজ দেখতে চায়। জটিল সমস্যার বাস্তবসম্মত সমাধানই জনপ্রিয়তা এনে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পরামর্শের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে তিনি পরিবারকেন্দ্রিক নেতৃত্বের বিষয়টি উল্লেখ করেন। নতুন প্রজন্ম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দেখতে আগ্রহী বলে তিনি মত দেন। পরিবারের সদস্যদেরও নিজস্ব যোগ্যতা ও সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন তিনি।
শিশির মনির আরও বলেন, প্রধানমন্ত্রী একজন পাবলিক ফিগার হওয়ায় তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনার অধিকার জনগণের রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ নতুন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
তিনি উল্লেখ করেন, কথার সঙ্গে কাজের সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সংক্রান্ত প্রতিশ্রুতির ক্ষেত্রে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে বলেও তিনি ইঙ্গিত করেন।
শেষে তিনি বলেন, জনস্বার্থে ভালো কাজের পক্ষে এবং জনবিরোধী কার্যক্রমের বিপক্ষে অবস্থান নেওয়াই সবার প্রত্যাশা। প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করেন তিনি।