শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

জাগপা কার্যালয়ে হামলা: ‘স্বৈরাচারের পথে হাঁটার ইঙ্গিত’—সারজিস আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

2001

সারজিস আলম

পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, এ হামলায় বিএনপির কিছু নেতাকর্মী জড়িত ছিলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘রাজনৈতিক অসহিষ্ণুতা’ এবং ‘স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার লক্ষণ’ হিসেবে উল্লেখ করেন।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা জাগপা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ থাকা স্বাভাবিক—বক্তব্যের জবাবে বক্তব্য, প্রতিবাদ কিংবা মিছিলও গণতান্ত্রিক চর্চার অংশ। তবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, যারা অল্প সময়ের মধ্যে নিজেদের প্রভাবশালী ভাবতে শুরু করে, তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। একই ধরনের আচরণের কারণে অতীতে ক্ষমতাসীনদের পতনের উদাহরণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম তার বক্তব্যে আরও উল্লেখ করেন, জাগপা নেতা রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করলেও সেই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা, জুতা নিক্ষেপ এবং কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, যা রাজনৈতিক সহনশীলতার ঘাটতি নির্দেশ করে।

তিনি বলেন, এ ধরনের সহিংস আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি এবং দেশের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

এদিকে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Link copied!