রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ এএম

2018

তথ্য প্রতিমন্ত্রী সম্মাননা স্মারক কুলে দিচ্ছেন

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দেশের সম্ভাবনাকে পূর্ণতায় রূপ দেওয়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র, আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের বিতর্কে সময় নষ্ট না করে এখন প্রয়োজন ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়া। উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সবাইকে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। ‘সবার আগে বাংলাদেশ’এই নীতি সামনে রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিজের ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ছিলেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। পরে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করেন এবং ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। কৃষি খাতে সম্মাননা পান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। শিল্প ও সংস্কৃতিতে সম্মাননা পান ফরিদা আক্তার পপি (ববিতা), শিল্প ও সাহিত্যে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম এবং শিক্ষাক্ষেত্রে মনসুর আহমেদ চৌধুরী।

এছাড়া উদ্যোক্তা (পুরুষ) বিভাগে পুরস্কার পান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী এরশাদ উল্লাহ এবং উদ্যোক্তা (নারী) বিভাগে কনা আলম। পেশাজীবী ক্যাটাগরিতে সম্মাননা পান শাখাওয়াত হোসেন, সাংবাদিকতায় শফিক আহমেদ, ক্রীড়া ক্ষেত্রে সাঈদ উর রব (যুক্তরাষ্ট্র) এবং সমাজসেবায় শান্তি শ্রী। আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে।

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘হুজ হু’ প্রতিষ্ঠান ১৮৪৯ সাল থেকে বিশ্বজুড়ে গুণী ব্যক্তিদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

Link copied!