রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, পুনর্বহালের জোর দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

2002

অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন ইসলামী ধারার ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট ছয়টি ব্যাংকের চাকরিচ্যুত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

‘ব্যাংকিং খাতে বৈষম্য ও গণহারে চাকরিচ্যুতির বিরুদ্ধে রুখে দাঁড়ান’—এই প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা তাদের পূর্বের পদে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমান ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় সংশ্লিষ্ট চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), অতিরিক্ত এমডি ও ডিএমডিদের পদত্যাগও দাবি করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— “উই ওয়ান্ট জাস্টিস”, “দফা এক, দাবি এক—অবৈধ ম্যানেজমেন্টের পদত্যাগ”, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” ইত্যাদি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত না থাকার কারণে তাদের চাকরি হারাতে হয়েছে। তারা দাবি করেন, দলীয় পরিচয় না থাকায় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলি, আইডি বন্ধ করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত দক্ষতা মূল্যায়নের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ব্যাপক হারে ছাঁটাই কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন, যা বহু পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

Link copied!