রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

শহরে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

2002

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (WHRCF) ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন।

সম্প্রতি UNESCO-APCIC এর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়। জানা গেছে, সম্মেলনটি আগামী ১৩ থেকে ১৫ মে গোয়াংজু শহরে অনুষ্ঠিত হবে।

সূত্র অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা Gwangju International Center (জিআইসি)-এর অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক ইমেইলের মাধ্যমে এ আমন্ত্রণ জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, UNESCO-APCIC এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার কার্যকর অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই ফোরাম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, আসিফ মাহমুদের অংশগ্রহণ সংশ্লিষ্ট সেশনে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে শহরভিত্তিক মানবাধিকার ও উন্নয়ন ইস্যুতে কার্যকর সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, UNESCO এর উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস (ICCAR)-এর অধীন এপিসিআইসি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্ল্যাটফর্ম, যা ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী নগর উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে কাজ করে আসছে।

Link copied!