শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৮:৫২ এএম

হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি! ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম

1722

হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনীর গুলি চালানোর ঘটনায় কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঘটনার প্রতিবাদ জানাতে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, শনিবার হরমুজ প্রণালিতে ঘটে যাওয়া এ ঘটনার পরপরই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বাধার মুখে ভারতীয় একটি সুপার ট্যাংকারসহ বেশ কয়েকটি জাহাজ ওই জলপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, দেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের জন্য ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ওই বৈঠকে হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পণ্যবাহী জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে অতীতে ইরান ভারতমুখী বেশ কিছু জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছিল বলেও উল্লেখ করা হয়েছে।

ভারত সরকার দ্রুত হরমুজ প্রণালি দিয়ে তাদের জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এবং পূর্বের কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসার প্রেক্ষাপটে ইরান আবারও এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলে বাধা সৃষ্টি করেছে বলে জানা গেছে। শনিবার এ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কয়েকটি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়।

ভারতীয় একাধিক সূত্রের দাবি, হামলার শিকার জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’। ঘটনাটি আন্তর্জাতিক নৌপথে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Link copied!