শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম

সরকারের ব্যর্থতা আড়াল করতেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়ানো হচ্ছে: ছাত্রশিবির সভাপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম

1687

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেছেন, সরকারের শাসনব্যবস্থায় ব্যর্থতা ঢাকতে পরিকল্পিতভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, জনগণের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ যে কোনো সময় বৃহৎ গণআন্দোলনে রূপ নিতে পারে। এ বাস্তবতা আড়াল করতেই ক্যাম্পাসে সংঘর্ষমুখী পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যাতে গণমাধ্যমে এসব ঘটনাই প্রাধান্য পায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রচার সম্পাদক এস এম ফরহাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম অভিযোগ করেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে তাদের ব্যানার-ফেস্টুন অপসারণ এবং দেয়ালচিত্র মুছে ফেলছে। একই সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহার করে পরিস্থিতি উসকে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্টদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা শিক্ষকরাও নিগ্রহের শিকার হন। পরে শান্তিপূর্ণ মিছিলেও পেছন দিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ক্যাম্পাসে ফিরলেও একটি পক্ষ সংঘাতের পরিবেশ সৃষ্টি করছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাওয়ায় হতাশা থেকেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে উত্তেজনা বাড়িয়ে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো—যেমন ব্যাংক খাতের অনিয়ম, পুঁজিবাজারের সংকট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক জনবিরোধী আইন পাস করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ কার্যকর না করে ফেলে রাখা হয়েছে। এতে মানবাধিকার ও সুশাসন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নূরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে সহিংসতা বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Link copied!