প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
1687
০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষিকাকে মারধর, ভাঙচুর ও হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ এপ্রিল কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে মারধর, অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের সম্মান ও মর্যাদার ওপর হামলা গোটা শিক্ষক সমাজের জন্য অপমানজনক। পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হামলা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করেছে।
অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও এ ধরনের হামলার ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে।