প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:৪১ পিএম
1693
০১ মে ২০২৬, ০৫:০৭ পিএম
সাদিক কায়েম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী করা হয়েছে—এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
এদিকে সংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্তব্য করেনি ঢাকা মহানগর দক্ষিণ শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পরিষ্কারভাবে জানিয়েছে, সংগঠনের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এমনকি তাকে প্রার্থী হিসেবেও ঘোষণা দেওয়া সংগঠনের নীতিমালার পরিপন্থী।
শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই প্রসঙ্গটি উঠে আসে। সেখানে কয়েকজন নেতা সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন বলে জানা গেছে।
এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রার্থী নিয়ে আলোচনা বা প্রস্তাব আসতেই পারে, তবে সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তিনি জানান, কেন্দ্রীয়ভাবে অনুমোদনের মাধ্যমেই ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে এবং সেটি শিগগিরই জানানো হবে।
তিনি আরও বলেন, এখনো কেন্দ্রীয়ভাবে কোনো নাম অনুমোদিত হয়নি। তাই যেসব নাম প্রচারিত হচ্ছে, সেগুলো আনুষ্ঠানিক নয়।
এদিকে সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের দায়িত্বে থাকা কোনো সদস্য অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন না। এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব পালনকাল শেষ হওয়ার পর যে কেউ ইচ্ছা করলে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বর্তমান দায়িত্বে থাকা কাউকে নিয়ে এমন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।