প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০১:২০ পিএম
1712
১৩ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে গোল উদযাপনে মেতেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।
লিওনেল মেসির চোটের অবস্থা বলতে গিয়ে প্রস্তুতি ম্যাচে অধিনায়ককে কিছু সময় মাঠে নামানোর আভাস দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ঝুঁকির পথে হাঁটেননি আর্জেন্টিনা কোচ। তাতে অবশ্য জয় পেতে খুব একটা বেগ পোহাতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অনায়াসেই হন্ডুরাসকে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময় রোববার (৭ জুন) সকালে টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে প্রথম গোল করেন এবং দ্বিতীয়ার্ধে হুলিয়ানো সিমিওনে ব্যবধান দ্বিগুণ করেন।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিত আধিপত্য বিস্তার করে খেলে। ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকো ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর, দ্বিতীয় অর্ধে সময়ে সময়ে প্রায় পুরো একাদশই বদলে ফেলেন কোচ লিওনেল স্কালোনি। একাধিক পরিবর্তন সত্ত্বেও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। ম্যাচের পরবর্তী সময়ে হুলিয়ানো সিমিওনে চমৎকার এক ফিনিশিংয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
ম্যাচে হন্ডুরাস কয়েকটি পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করলেও ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্ডির নেতৃত্বাধীন আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল একবারে নিরেট ও দৃঢ়। পুরো ম্যাচে হন্ডুরাসের কোনো শটই লক্ষ্যে রাখতে দেয়নি তারা। হন্ডুরাস আসন্ন বিশ্বকাপে জায়গা না পেলেও ম্যাচে বেশ শৃঙ্খলাপূর্ণ রক্ষণ গড়ে তুলেছিল।
এদিকে, হ্যামস্ট্রিং সমস্যার কারণে এই ম্যাচে মাঠে না নামলেও লিওনেল মেসি দলের সাথে অনুশীলনে ছিলেন। পরবর্তী প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
মেসির ফিটনেস নিয়ে সতর্কতা থাকলেও পুরো দলটি বিশ্বকাপের আগে বেশ ভালো ছন্দে আছে। লাউতারো ও সিমিওনের গোল দলের আক্রমণভাগের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ 'জে'-তে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে।