শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ০৯:৫৫ এএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

খেলা ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:১৮ এএম

1686

ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির সঙ্গে অংশগ্রহণকারী অধিনায়কদের ফটোসেশন

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আজ শুক্রবার (১২ জুন) থেকে শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটের মক্কা খ্যাত ইংল্যান্ডের লর্ডসসহ মোট সাতটি বিশ্বমানের ভেন্যুতে বিশ্বকাপের ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ বার্মিংহামে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলংকা।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি পরাশক্তি দল অংশ নিচ্ছে। দলগুলোকে দুই গ্রুপে ৬টি করে ভাগ করা হয়েছে। বাংলাদেশ দল খেলছে ‘গ্রুপ-১’ এ। এই গ্রুপে টাইগ্রেসদের অন্য পাঁচ শক্তিশালী প্রতিপক্ষ হলো—বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘গ্রুপ-২’ এ রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন ঐতিহাসিক লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে টাইগ্রেসরা।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের পর এখন পর্যন্ত মোট ছয়টি আসর খেলেছে বাংলাদেশ। তবে কোনো বারই গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি তারা। বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত মোট ২৫টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় এবং ২২টি ম্যাচে হারের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাছাড়া এবারের মূল পর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ; যেখানে নিউজিল্যান্ডের কাছে ৬৮ রান এবং আয়ারল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত হয় টাইগ্রেসরা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। আগামী ৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।

উল্লেখ্য, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের সর্বশেষ (নবম) আসরে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুবাইয়ের সেই ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়েছিল কিউই নারীরা। তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতে একক আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া (২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩)। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১৬) ও নিউজিল্যান্ড (২০২৪)। তবে একাধিকবার ফাইনালে উঠেও এখনো শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা ও ভারত।

Link copied!