মঙ্গলবার ১৬, জুন ২০২৬

১৬ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, পুলিশি পাহারায় কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১২:১৭ পিএম

1691

যুক্তরাজ্যের লন্ডনে সফররত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলের দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’ আয়োজিত একটি রাজনৈতিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যান হাসনাত আবদুল্লাহ। তবে এই সভাকে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এবং হাসনাত আবদুল্লাহর কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেখানে তাৎক্ষণিকভাবে বিপুল সংখ্যক ব্রিটিশ পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর এই ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া সিসিটিভি ও মোবাইল ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা একটি পার্ক এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিক্ষোভকারীদের কয়েকজন তাঁদের পিছু নেন এবং নানা ধরনের আক্রমণাত্মক মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পরিস্থিতি বেগতিক দেখে পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন কর্মীর দিকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। এর পর উভয়পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।

উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা পর ব্রিটিশ পুলিশের একটি বিশেষ দলের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত প্রবাসী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরও তিনি পুলিশি পাহারার মধ্যেই সভাস্থল ত্যাগ করেন।

এদিকে লন্ডনের মাটিতে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, অন্তর্বর্তী সরকার কর্তৃক বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ এখনো তাদের পুরনো ভীতি প্রদর্শন, উগ্রবাদ ও অসহিষ্ণুতার নোংরা রাজনীতি থেকে একটুও বেরিয়ে আসতে পারেনি।

Link copied!