শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

পুলিশ সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

2017

দেশের পুলিশ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়; বরং পরিকল্পিত ও পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ইউএনডিপি বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জানান, জাতীয় মানবাধিকার কমিশন গঠনে তাদের সংস্থার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা এ কমিশনের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনের অধ্যাদেশ প্রণয়নে আন্তর্জাতিক মান বজায় রাখতে ইউএনডিপি সহযোগিতা করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট অধ্যাদেশ সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।

গুম প্রতিরোধ ও প্রতিকার বিষয়েও তিনি জানান, এ সংক্রান্ত অধ্যাদেশ পর্যালোচনার পর জাতীয় সংসদে উত্থাপন করা হবে। কিছু সংজ্ঞাগত বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন রয়েছে, যাতে অপরাধের প্রকৃত দায় নির্ধারণ সহজ হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে তদন্ত কার্যক্রম শুধুমাত্র অনুমোদিত তদন্তকারী সংস্থাই পরিচালনা করতে পারে। একইসঙ্গে ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

Link copied!