শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

ফেসবুকে মতপ্রকাশ অপরাধ নয়: শিশির মনিরের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম

2003

শিশির মনির

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারী কর্মী বিবি সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করা কোনো অপরাধ হতে পারে না। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা উদ্বেগজনক এবং এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি যারা এ ধরনের নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। শিশির মনির উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার পরও এমন ঘটনা ঘটায় বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তার মতে, সমালোচনা করা নাগরিকের মৌলিক অধিকার এবং এটিকে অপরাধ হিসেবে দেখানো উচিত নয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এ ধরনের ঘটনায় জড়িত অতিউৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া নারী কর্মীর দ্রুত জামিন নিশ্চিত করা এবং তার পরিবারের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে বিবি সাওদা সুমিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করছে।

অভিযোগ রয়েছে, তিনি ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড সংক্রান্ত পোস্ট শেয়ার করেছিলেন। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

এই ঘটনায় রাজনৈতিক ও মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট মহলের মতে, আইনের সঠিক প্রয়োগ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দ্রুত স্বচ্ছ পদক্ষেপ প্রয়োজন।

Link copied!