রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

চীন সফরে যাচ্ছেন বিএনপির ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

2003

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে চীন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সফরে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপির ২০ সদস্যের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ গ্রহণ করে আগামী ১৬ এপ্রিল প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর দুই দেশের সম্পর্ক জোরদার এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন আগে থেকেই বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে আসছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও বিভিন্ন বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

চীন সফরে অংশগ্রহণকারী প্রতিনিধি দলে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন) মো. ইসমাইল জবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন।

এছাড়াও প্রতিনিধি দলে আছেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, নির্বাহী সদস্য সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেনসহ আরও অনেকে।

এছাড়া মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানও এই সফরে অংশ নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হতে পারে।

Link copied!