বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

5

জামাল উদ্দিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

৭ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির সদস্য (দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল উদ্দিনকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া দলের সকল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত জামাল উদ্দিনের সঙ্গে কোনো ধরণের সাংগঠনিক যোগাযোগ রাখা যাবে না।

গত ৩ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বাধা ও সরকারি কাজে বিশৃঙ্খলা করার অভিযোগের কারণে জেলা বিএনপি জামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিল। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু খাল খননের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সময় জামাল উদ্দিনের উশৃঙ্খল কর্মীরা সরকারি কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করে, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এর বিরুদ্ধে অবান্তর অভিযোগ তোলেন এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এতে উপস্থিত সংসদ সদস্য ও অন্যান্য কর্মকর্তারা শান্ত থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির নোটিশে উল্লেখ করা হয়, জামাল উদ্দিনের প্রকাশ্যে নেতৃত্বে এ ঘটনা সংঘটিত হয়েছে যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আগামী তিন দিনের মধ্যে তিনি জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে স্বশরীরে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুবা সাংগঠনিক পদক্ষেপ হিসেবে বহিষ্কার কার্যকর করা হবে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, “যারা আমার বিরুদ্ধে প্রকাশ্যে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের প্রতি আমাদের কঠোর সমালোচনা ও প্রতিবাদ থাকবে।”

সদ্য বহিষ্কৃত জামাল উদ্দিন জানান, তিনি নোটিশের বিরুদ্ধে জবাব দিয়েছেন, তবে জেলা কমিটি তার উত্তরের কোনো মূল্যায়ন করেনি। আহ্বায়ক ও জেলা কমিটি যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে তিনি তা স্বাগত জানাবেন এবং প্রয়োজন হলে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

Link copied!